যশোর/খুলনা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যেসব জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছিলো তাও প্রত্যাহার হয়েছে।
বৃহস্পতিবার যশোরে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের এক সভা শেষে এ ধর্মঘট প্রত্যাহারের কথা জানান যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চাঁচড়া বাসস্ট্যান্ডে পরিবহন মালিক ও শ্রমিকদের দিনভর সভা শেষে বিকাল সাড়ে ৫টায় ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়।
বৈঠকে অংশ নেওয়া খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সভায় ১৩টি জেলার পরিবহন শ্রমিকরা ছিলেন।
সভা থেকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাসচালক জামিরের মুক্তি এবং চালকদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার মামলা প্রত্যাহার, ডিলাক্স পরিবহনের আটক বাস ছেড়ে দেওয়ার দাবি জানানো হয় বলে জানান শাহাদাত হোসেন মৃধা।
তিনি বলেন, এসব দাবি না মানা হলে আগামী ২০ নভেম্বর থেকে পুনরায় অনিদিৃষ্টকালের বাস ধর্মঘটে যাবে শ্রমিকরা।
সভায় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় বাস-মালিক সমিতির সভাপতি আলহাজ আলী আকবর, যশোর জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সভাপতি ইকরামুল ইসলাম ইকু, যশোর সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বিশ্বনাথ বিষু প্রমুখ।
গত ১৩ অগাস্ট ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জের জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক ও মিশুকসহ পাঁচজন নিহত হন।
পরে পুলিশ বাসটির চালক জামির হোসেনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। তিনি এখন মানিকগঞ্জ কারাগারে আটক রয়েছেন। জামিরের মুক্তিসহ চার দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।
বুধবার ধর্মঘট শুরুর ছয় ঘণ্টার মাথায় ঢাকায় পরিবহন নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেন নৌমন্ত্রী শাহজাহান খান। কিন্তু বিভিন্ন স্থানে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করেননি।
ফলে নৌ মন্ত্রীর ঘোষণার পরেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলায় পরিবহন মালিক ও শ্রমিকরা রাস্তায় তাদের বাস নামায়নি। এসব জেলায় যাত্রীদের গত দু'দিন ভোগান্তিতে পড়তে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১৬ ঘ.
bdnews24