২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর একটি কর্মসূচিতেই এ সরকারের বিদায়: খালেদা

সরকারের পতন ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেছেন, এ লক্ষ্যে রোড মার্চের পর আর একটি কর্মসূচি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ময়মনসিংহ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পতন ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেছেন, এ লক্ষ্যে রোড মার্চের পর আর একটি কর্মসূচি দেওয়া হবে। বৃহস্পতিবার ময়মনসিংহে চারদলীয় জোটের জনসভায় একথা বলেন তিনি। সরকার পতনের আন্দোলনে নামতে জনগণের প্রতি আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসন। সিলেট ও রাজশাহী বিভাগে রোড মার্চের পর ঢাকা বিভাগের ময়মনসিংহে এ জনসভা করলেন বিরোধীদলীয় নেতা। এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের কর্মসূচি রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে এ রোড মার্চ করছেন খালেদা। রোড মার্চের ঘোষণা দিয়ে গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, এর পরই ফাইনাল খেলা। খালেদা বলেন, "এই সরকারের পেছনে যত বিদেশি শক্তিই থাকুক না কেন, তাদের পতন হবেই হবে। রোড মার্চে কর্মসূচিতে জনগণের সমর্থন দেখে সরকার দিশেহারা হয়ে এখন সংসদে আবোল-তাবোল বকছে। তাতে কোনো লাভ হবে না। আগামী রোড মার্চের পর আর মাত্র একটি কর্মসূচি দিয়ে এই সরকারকে বিদায় করা হবে।" রোড মার্চের পর কী কর্মসূচি দিয়ে দেওয়া হবে, তা ময়মনসিংহের জনসভায়ও বলেননি তিনি। তবে রাজশাহী অঞ্চলের রোড মার্চে 'ঢাকা ঘেরাও' কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী নেতা। সরকার হটানোর আন্দোলনকে 'যুদ্ধ' অভিহিত করে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে খালেদা বলেন, "আর বসে থাকার সময় নেই। দেশকে তারা (সরকার) পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। এই জন্য আমাদের রাস্তায় নামতে হবে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, "ক্ষমতায় যেতে পারবে না বলে সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নিজেদের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করেছে। কিন্তু তা হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগকেও আসতে হবে।" আগামীতে ক্ষমতায় গেলে ময়মনসিংহে বিভাগ করার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রতিশ্র"তিও দেন তিনি। 'ট্রানজিটে কত শুল্ক আদায় হয়েছে' ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা খালেদা বলেন, "দেশের জনগণ, সংসদ এমনকি মন্ত্রিসভাকে না জানিয়ে সরকার গোপনে ভারতকে ট্রানজিট দিয়েছে। এটা ট্রানজিট নয়, করিডোর। আমি সরকারের কাছে জানতে চাই, এখন পর্যন্ত ট্রানজিটে কী পরিমাণ শুল্ক আদায় হয়েছে, তা প্রকাশ করতে হবে। "সরকার একসময় বলেছিলো, ট্রানজিট দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এখন তারা বাংলাদেশকে সিকিম বানাতে চাচ্ছে। আমরা এ দেশকে অন্য কোনো দেশের প্রদেশ হতে দেবো না। এজন্য এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।" খালেদা বলেন, "ব্যবসায়ীরা বলেছেন, ট্রানজিটে বছরে ক্ষতি হবে ৩০ হাজার কোটি টাকা। এই ট্রানজিট বন্ধ করা না হলে ব্যবসায়ীরা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।" রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, "জনগণকে না জানিয়ে সরকার বাংলাদেশের ভূখণ্ড ও ট্রানজিট দিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আগামীতে রাষ্ট্রদ্রোহ মামলা হবে।" সংবিধান ছুড়ে ফেলার কথা বলায় খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছিলেন। তার মধ্যেই পাল্টা এ হুমকি দিলেন বিএনপি চেয়ারপারসন। ২০০৬ সালের ২৮ অক্টোবর মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের সময়কার ঘটনাবলি তুলে ধরে খালেদা বলেন, "ওই সময় আওয়ামী লীগ লগি-বৈঠা-লাঠি নিয়ে মানুষ হত্যা করেছে, রাজপথে তাণ্ডব চালিয়েছে। এসব তাণ্ডবের যিনি হুমকদাতা, তার বিরুদ্ধে আগামীতে মামলা দেওয়া হবে। কেবল তাই নয়, তারা গানপাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। এসবেরও মামলা হবে।" 'সব সামরিক শাসকের পক্ষে ছিলো আওয়ামী লীগ' ক্ষমতাসীন আওয়ামী লীগ সবসময় সামরিক সরকারের পক্ষে ছিলো বলে দাবি করেন দেশের প্রথম সামরিক শাসক জিয়াউর রহমানের স্ত্রী খালেদা। তিনি বলেন, "১৯৭৫ সালে আওয়ামী লীগের নেতা খোন্দকার মোশতাক আহমেদ দেশে প্রথম সামরিক শাসন জারি করে। ওই সময়ে তাদের এক নেতা বিদেশে গিয়ে বলেছিলেন- দেশে ফেরাউনের মৃত্যু হয়েছে। আমরা তা বলি না। ওই সময়ে সেনাবাহিনী প্রধান কে এম সফিউল্লাহ, বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার ও নৌ বাহিনী প্রধান এম এইচ খান মোশতাক সরকারের প্রতি আনুগত্য দেখায়। জিয়াউর রহমান তা করেননি। "১৯৮২ সালে এইচ এম এরশাদ বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলো। তখনও আওয়ামী লীগের কয়েকজন নেতা ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। সেজন্য আজকের প্রধানমন্ত্রী তখন বলেছিলেন- 'আই এম নট আনহ্যাপি'।" ১৯৮৬ সালে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে খালেদা বলেন, "তখন আমরা কেউ স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে যাইনি। তবে জাতীয় বেঈমান নির্বাচনে গিয়েছিলেন। তাই কারা সামরিক শাসনকে সমর্থন দিয়েছে, তা জনগণের কাছে তা পরিষ্কার।" এ নিয়ে ওয়ান-ইলেভেনের প্রসঙ্গও টানেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, "মইন উ আহমেদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগ ২২ জানুয়ারি নির্বাচনী তফসিলের পর হঠাৎ করে নির্বাচন থেকে সরে আসে। তারা কখনোই গণতন্ত্র বিশ্বাস করে না। তারা সামরিক শাসনকে আহ্বান করে।" নির্বাচন কমিশনের সমালোচনা বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ দাবি করে খালেদা বলেন, "সিইসি নিজেই আইন ভঙ্গ করেছেন, হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে একটি সভায় বলেছেন, প্রার্থীরা টাকা দিলে আপনারা নেবেন, কিন্তু ভোট দেবেন বিবেক খাটিয়ে। তিনি সুস্থ মস্তিস্কে আছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।" পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ হবে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, "সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতুর অর্থ ছাড় বিশ্বব্যাংকসহ দাতারা বন্ধ করে দিয়েছে। বিশ্বব্যাংকের তদন্তে দুর্নীতির সঙ্গে কারা জড়িত, তা ধরা পড়েছে। বিদেশিরা তা জানে। আমরাও তা জানি। সময় হলে অবশ্যই আমরা জনগণের সামনে তা প্রকাশ করবো।" "বিদেশিরা বলেছে, যোগাযোগ মন্ত্রণালয় বর্তমানে দুর্নীতির শীর্ষে। আমরা বলবো, কেবল যোগাযোগ মন্ত্রণালয় নয়, এই সরকারই দুর্নীতিবাজ। এদের হটাতে হবে," বলেন তিনি। বিএনপিকে ভোট দিতে হিন্দু স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে খালেদা বলেন, "সব মন্দির, শ্মশানের জমি-জমা দখল করছে ক্ষমতাসীনরা। হিন্দু ভাইদের প্রতি বলবো, বিএনপি সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে।" ২০০৮ সালের নির্বাচনের পর ময়মনসিংহে এটাই খালেদার প্রথম জনসভা। সার্কিট হাউস মাঠের এ জনসভায় শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল থেকেও বিএনপি নেতা-কর্মীরা অংশ নেন। মাঠে খালেদা জিয়াকে স্বাগত জানাতে হালুয়াঘাট থেকে এসেছিলো গারো জনগোষ্ঠীর একটি দল। নেচে-গেয়ে তারা বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানায়। ঢাকা থেকে সড়ক পথে যাওয়া খালেদা বিকাল সাড়ে ৩টায় জনসভামঞ্চে উঠলেও সকাল থেকেই মাঠে আসতে থাকে বিএনপির মিছিল। খালেদা মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ জনসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান অলি আহমদ, চারদলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সভামঞ্চে ছিলেন। খালেদার আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের প্রধান সড়কগুলো সাজানো হয় রঙিন তোরণ ও ব্যানার-ফ্যাস্টুনে। বিভিন্ন স্থানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বড় প্রতিকৃতিও স্থাপন করা হয়। ঢাকা থেকে ময়মনসিংহের পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে কয়েকশ তোরণ নির্মাণ করা হয়। ময়মনসিংহ যাওয়ার পথে রাজধানীর উত্তরা, গাজীপুরের টঙ্গী, চেরাগআলী, কলেজ গেইট, সালনা, পোড়াবাড়ী বাজার, ভবানীপুর বাজার, রাজেন্দ্রপুর, বাঘের বাজার, শ্রীপুর, মাওনা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশালসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গগঠনের নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১০০ ঘ.