ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলে হাইকোর্টের রুলের শুনানি হবে ঈদুল আযহার ছুটির পর।
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চের কার্যতালিকায় এ মামলা আসে।
দিনের শুরুতে রাষ্ট্রপক্ষের শীর্ষ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। তাই কার্যতালিকা আপডেট করে এ মামলাটি তাড়াতাড়ি শুনানির ব্যবস্থা করা হোক।"
এরপর খালেদার পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, "এটি একটি রাজনৈতিক মামলা। রাজনৈতিক উদ্দেশ্যই এই কার্যতালিকা আপডেট করার আবেদন করা হচ্ছে। মামলাটির রুলও অন্য বেঞ্চ দিয়েছিল। ওই বেঞ্চ বর্তমান থাকা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যেই মামলাটিকে এই বেঞ্চে আনা হয়েছে।"
উভয় পক্ষের শুনানি শেষে কার্যতালিকায় পরিবর্তন না করার কথা জানিয়ে আদালত বলে, ঈদের আগে আজ (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস। তাই ঈদের ছুটির পরই হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ নভেম্বর ঈদুল আযহা পালিত হওয়ার কথা।
গত সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আদালতে শুনানির জন্য তারিখ নির্ধারণ করে। এ প্রেক্ষিতে এটি বৃহস্পতিবারের কার্যতালিকায় আসে।
শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও বিএনপি চেয়ারপার্সনের পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।
মামলাটি বাতিলে খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানের আবেদনের প্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর ওই মামলা কেন বাতিল হবে না জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করে হাইকোর্ট ।
২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় এই মামলাটি দায়ের করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন- মোমিনুর রহমান, কাজী সালিমুল হক, সারফুদ্দিন আহমেদ, সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদ।
খালেদা জিয়া, তারেক রহমান, মোমিনুর রহমান, কাজী সলিমুল হক, সরফুদ্দিন আহমেদ ও ড. কামাল উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে২০০৯ সালের ৫ অগাস্ট অভিযোগপত্র দায়ের করেন দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ। একই সঙ্গে সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।
তবে এর আগে ২০০৮ সালের ২৬ অগাস্ট খালেদাকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টেও তা বহাল থাকে।
খুরশীদ আলম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের আদেশের কারণে অধস্তন আদালতে মামলাটির বিচার কাজ শুরু হচ্ছে না। এই কারণে শুনানির আবেদন করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮২৭ ঘ.
bdnews24