ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের এক মাদ্রাসাছাত্রী কেরোসিনের আগুনে দগ্ধ হওয়ার ১৩ দিন পর হাসপাতালে মারা গেছেন।
নিহত শান্তা ইসলাম তালিমুল ইসলাম মাদ্রাসার ছাত্রী ছিলেন।
বৃহস্পতিবার ভোরে শান্তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বানর্স ইউনিটে মারা যান।
মাদ্রাসার ছয়তলা ছাত্রীনিবাসের নিচতলায় বসে পড়াশোনা করার সময় গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে অগ্নিদগ্ধ হন শান্তা। কে বা কারা ওই সময় জানালা দিয়ে কেরোসিন ভর্তি একটি জ্বলন্ত বোতল তার দিকে ছুড়ে মেরেছিল।
ওইদিন রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটে ভর্তি করা হয়েছিলো।
পরদিন শান্তার বাবা মো. লিটন মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মিরপুর থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ওই ভবনের পেছনের বস্তি থেকে কয়েকজনকে ধরে এনেছিলাম। কিন্তু তারা আমাদের কোনো তথ্য দিতে পারেনি।"
স্বজনরা বলছেন, মাদ্রাসার নিরপত্তাকর্মীদের জিজ্ঞাসা করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।
ওসি বলেন, "আমরা অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু কোনো ক্লু পাচ্ছি না।"
মাদ্রাসাটির পরিচালক আকবর আলী হাসপাতালে সাংবাদিকদের বলেছিলেন, চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে তারও একটি হাত সামান্য পুড়ে যায়।
তিনি তখন বলেছিলেন, "ভবনটির পাশে রয়েছে একটি বস্তি। ছাত্রীনিবাসের মেয়েরা প্রায় সময় পরিত্যক্ত বিভিন্ন জিনিস জানালা দিয়ে ফেলে। এ নিয়ে বস্তিবাসীর সঙ্গে কয়েকবার ঝগড়াও হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮১৩ ঘ.
bdnews24