ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় প্রয়োজনের অতিরিক্ত বৈদ্যুতিক বাতি ও বেশি পাওয়ারের বাতির ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে বলেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রিটের চূড়ান্তশুনানি শেষে এ নির্দেশ দেয়।
আদালত একইসঙ্গে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিদ্যুৎ অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নিতেও নিতেও নির্দেশ দেয়। নিয়মিত তদারকির মাধ্যমে অপচয় রোধ নিশ্চিত করতেও বলা হয় আদেশে।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, "আদালত এই রিটটিকে চলমান হিসাবে রাখতে বলেছে। ফলে ভবিষ্যতে যে কোনো সময় আমরা এ সংক্রান্ত আবেদন নিয়ে আদালতে আসতে পারবো।"
বিদ্যুৎ সংকটের মাঝেও বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রংপুরের জেলা প্রশাসক এনামুল হক টেনিস খেলছেন এমন একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর এই রিটটি দায়ের করা হয়। পরে গত বছরের ২৬ এপ্রিল আদালত এই বিষয়ে রুল দিয়েছিল।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুনানি শেষে আদালত এনামুল হককে অব্যাহতি দেয়।
আদালত বলেছে, ভবিষ্যতে টেনিস খেলায় বিদ্যুৎ ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে বিরাজমান সংকটের বিষয়টি মাথায় রাখতে হবে এবং অপচয় করা যাবে না।
আদালতের এই সব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৩৩ ঘ.
bdnews24