গাইবান্ধা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মঙ্গলবার রাতে একটি মন্দিরের কয়েকটি প্রতিমা ভেঙ্গেছে দুর্বৃত্তরা।
কিশামত খেজুর গ্রামের শ্রী শ্রী কালীমাতা মন্দিরের পাঁচটি প্রতিমা ভাংচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মন্দির কমিটির সহ-সভাপতি অমল চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালী পূজা উদযাপনের জন্য প্রতিমাগুলো তৈরি করা হয়েছিলো। রঙের কাজ শেষ করে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তারা বাড়ি ফিরে যান।
বুধবার সকালে গিয়ে প্রতিমাগুলো ভাঙ্গা দেখতে পান।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার মন্দির কমিটির বরাত দিয়ে জানান, জমি নিয়ে দক্ষিণ হাটবামুনি গ্রামের আবুল কাশেম আলী, আব্দুল কাদের, ও জামাত আলীর সঙ্গে মন্দির কমিটির দীর্ঘদিন থেকে বিরোধ চলছে।
এ নিয়ে আদালতে একটি মামলাও চলছে।
এর জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন ওসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৭ ঘ.
bdnews24