২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগ কেল্লার পাশে উঁচু ভবন নয়: হাইকোর্ট

লালবাগ কেল্লার পাশে ঐতিহাসিক এ স্থানটির চেয়ে উঁচু কোনো ভবন তোলা যাবে না বলে জানিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালবাগ কেল্লার পাশে ঐতিহাসিক এ স্থানটির চেয়ে উঁচু কোনো ভবন তোলা যাবে না বলে জানিয়েছে আদালত। একটি রিট আবেদনের রায়ে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ ওই এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ১২ ধারা অনুসরণের নির্দেশ দিয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আবেদনে এ রায় দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ। রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী স্থাপনার পাশে অন্য সুউচ্চ স্থাপনা নির্মাণ করলে এর গুরুত্ব কমে যায়। এ কারণে ওই ধারায় এ ধরনের স্থানে সুউচ্চ ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপ করা হয়। রায়ে নগর কমিটির নির্দেশনা বা অনুমোদন ছাড়া কোনো ভবন যাতে নির্মাণ না করা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ভবন নির্মাণের ক্ষেত্রে ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও উচ্ছেদ) রুলস-২০০৮ এর বিধান কার্যকরের নির্দেশও দেওয়া হয়। ২০১০ সালের ৫ ডিসেম্বর এ বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২২৩১ ঘ.