২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেল ৫টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ: মনজুর

সিসিসি মেয়র মনজুর আলম বলেছেন, ঈদুল আযহার দিন নগরীর পরিবেশ সুস্থ ও দূষণমুক্ত রাখতে বিকাল ৫টার মধ্যে কোরবানির পশুর সব ধরণের বর্জ্য অপসারণ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিসিসি মেয়র মনজুর আলম বলেছেন, ঈদুল আযহার দিন নগরীর পরিবেশ সুস্থ ও দূষণমুক্ত রাখতে বিকাল ৫টার মধ্যে কোরবানির পশুর সব ধরণের বর্জ্য অপসারণ করতে হবে। এ লক্ষ্যে ঈদুল আযহার দিন নগরীর বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (সিসিসি) ৪১টি ওয়ার্ডকে দুটি জোনে ভাগ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) মিলনায়তনে সাধারণ সভায় এ বিষয়ে নির্দেশনা দেন সিটি মেয়র। সভায় চট্টগ্রাম নগরীকে দুটি জোনে ভাগ করে কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন ও কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীকে জোন দুটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। সভায় জানানো হয়, দ্রুত বর্জ্য অপসারণে প্রতিটি ওয়ার্ডে দুটি করে কন্টেইনার ডাস্টবিন স্থাপন করা হবে। এছাড়া ১০টি ডাম্প ট্রাক ও ৫টি ভ্যান গাড়ি বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। সিসিসি'র সচিব সামসুদ্দোহার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সরকারের পক্ষ থেকে সিসিসি'র কাছে একুশে ও স্বাধীনতা পদকের জন্য নাম আহ্বান করায় কয়েকজন ব্যক্তির নাম সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয় বুধবারের সভায়। এর মধ্যে স্বাধীনতা পদকের জন্য সাংবাদিকতায় অধ্যাপক মোহাম্মদ খালেদ, মুক্তিযুদ্ধে আতাউর রহমান খান কায়সার, শিক্ষা উন্নয়নে মৌলবি নূর আহমদ চৌধুরী চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হয়। একুশে পদকের জন্য স্বাধীনতায় অবদান রাখায় কাজেম আলী মাস্টার, শিক্ষায় মাহবুব উল্ল্যাহ, সুফিবাদ গবেষণায় সৈয়দ আহমুদুল হকের নাম চূড়ান্ত করা হয়। এ সভায় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার ওয়াদ্দেদারের নামে নগরীর পাহাড়তলিতে একটি ভাস্কর্য নির্মাণ ও সাবেক সাংসদ চৌধুরী হারুনুর রশিদের নামে একটি রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গত মঙ্গলবার মারা যাওয়া রাজনীতিবিদ অধ্যাপক নূর উদ্দিন জাহেদ মনজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৫৭ ঘ.