২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় বাস ধর্মঘট

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ফরিদপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তারেক মাসুদ ও মিশুক মুনীরের গাড়ি দুর্ঘটনার পর গ্রেপ্তার বাস চালকের মুক্তি এবং দুর্ঘটনা কবলিত বাসটি ফেরত দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস ধর্মঘট পালন করছে সংগঠনটি। গত ১৩ অগাস্ট ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জের জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক ও মিশুকসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ বাসটির চালক জামির হোসেনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। তিনি এখন মানিকগঞ্জ কারাগারে আটক রয়েছেন। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহ্বায়ক এস এম শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিরের মুক্তি দাবিতে বুধবার ভোর থেকে ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে অভ্যন্তরীণ গাড়ি চলাচলও বন্ধ করে দেওয়া হবে।" তিনি জানান, তিন মাসেরও বেশি সময় ধরে জামির কারাগারে আটক রয়েছেন। একাধিকবার তার জামিনের আবেদন নাকচ হয়েছে। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার জামিনের ব্যাপারে উদ্যোগের আশ্বাস দিলেও কোনো ফল পাওয়া যায়নি। অবশ্য এ ব্যাপারে খুলনা বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান জানান, ঐক্য পরিষদ স্মারকলিপি দিয়ে তার জামিনের দাবি জানিয়েছিলো। কিন্তু জামিনের বিষয়টি একান্তই আদালতের ব্যাপার। এখানে তার করার কিছু নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/১১০২ ঘ.