২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস কমিটির লং মার্চ কর্মসূচি ঘোষণা

দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনসহ সাত দফা দাবিতে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনসহ সাত দফা দাবিতে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে আগামী ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর চার দিনব্যাপী 'ঢাকা-সুনেত্র' লং মার্চের ঘোষণা দেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে লংমার্চটি ৩১ অক্টোবর সুনেত্র গ্যাসক্ষেত্রে গিয়ে শেষ হবে। মাঝে ২৮ অক্টোবর গাজীপুর, ২৯ অক্টোবর ময়মনসিংহ, ৩০ অক্টোবর নেত্রকোণা এবং ৩১ অক্টোবর বাদশাগঞ্জে জনসভা করবে কমিটি। তাদের অন্য ছয় দাবি হলো- সংসদে খনিজসম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, বিদেশি কোম্পানির সঙ্গে আর উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) না করা, প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ পদ্ধতিতে কয়লা উত্তোলন, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন এবং বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া। আনু মুহাম্মদ বলেন, "দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের উপর বিদেশি কোম্পানি ও দেশি কমিশনভোগীদের আধিপত্য রয়েছে। সেজন্য এ খাতের সংকট উত্তরণে সহজ হলেও তা সম্ভব হচ্ছে না।" "তাই এ খাতের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর লং মার্চ কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।" ইতোমধ্যে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ (থ্রিডি সিসমিক সার্ভে) করে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ নতুন করে শনাক্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ ছাড়া আগামী নভেম্বর-ডিসেম্বরে সুনামগঞ্জ-নেত্রকোণায় সুনেত্র গ্যাস ক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে পেট্রোবাংলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরআরডি/এএল/১৬০৬ ঘ.