ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের বিনিয়োগ বাড়াতে শুরু করায় দুদিন চাঙ্গাভাবের পর সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকে ওঠানামা দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে।
সোমবার প্রথম ৩০ মিনিটের লেনদেন শেষে ১১টা ৩১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ আগের দিনের চেয়ে সূচক ১ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৬৫২ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছ ১২৬টির। অপরিবর্তিত ছিল ১৬টির দর। লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।
টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে।
কিন্তু তারপরও বাজার চাঙ্গা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহ্বানে এ সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেন ব্যাংক নির্বাহীরা।
পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনেরও সিদ্ধান্ত জানায় বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। রোববার দুপুরে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার এবিবির পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ওইদিনই ডিএসই সাধারণ সূচক বাড়ে ২৮৬ পয়েন্ট। এরপর রোববার বাড়ে আরো ১০৯ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১১৪৫ ঘ.
bdnews24