বরিশাল, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় বরিশালের বাকেরগঞ্জে প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) রিসোর্স সেন্টারের এক ইন্সট্রাকটর নিহত হয়েছেন।
নিহত আব্দুর রহিম (৩৫) বাকেরগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টারে কর্মরত ছিলেন। তিনি বানারিপাড়া উপজেলার বাইশারী গ্রামের শহীদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রোববার বেলা ১২টায় উপজেলার কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, "রহিম বরিশাল থেকে মোটর সাইকেলে করে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। কাঠের পুল এলাকায় পৌঁছলে রাজকীয় পরিবহনের একটি যাত্রিবাহী বাস রহিমের মোটর সাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
চালক পালিয়ে গেলেও বাস আটক করা হয় বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২১০৬ ঘ.
bdnews24