ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা বোয়িংয়ের নতুন উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছেছে।
বোয়িং ৭৭৭-৩০০ (ইআর) মডেলের উড়োজাহাজটি রোববার বিকেল সোয়া ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন।
বিমান কর্তৃপক্ষ ইতোমধ্যে এই উড়োজাহাটির নাম রেখেছে 'পালকি'।
তিনি বলেন, "আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পালকির উদ্বোধন করবেন।"
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বোয়িং থেকে ২৫০ কোটি ডলারে ১০টি উড়োজাহাজ কেনার জন্য ২০০৮ সালে একটি চুক্তি করে বিমান। এর মধ্যে চারটি ৭৭৭-৩০০ (ইআর), চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনারস ও দুটি ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ। এর প্রথমটি রোববার ঢাকায় এসে পৌঁছলো।
খান মোশাররফ হোসেন জানান, ৪১৯ আসনের পালকি দিয়ে দূরপাল্লার রুটে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন রুটে ফ্লাইট চালানো হবে।
অব্যবস্থাপনার জন্য অতীতে দুর্নাম কুড়ানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ১১টি সচল উড়োজাহাজ রয়েছে, এর তিনটি ভাড়ায় আনা। বাকি ৭টি পুরনো আমলের, যা অনেক দেশেই এখন আর ব্যবহার করা হয় না।
বর্তমানে ১৯টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে বিমান। বোয়িং থেকে কেনা আরেকটি ৭৭৭-৩০০ (ইআর) আগামী মাসে বিমান বহরে যোগ হওয়ার কথা রয়েছে।
২০০৭ সালের ২৩ জুলাই প্রায় দুই হাজার কোটি টাকার দায়সহ বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করে সরকার। এরপর প্রথম দুই বছরে ব্যয় কমিয়ে ২১ কোটি টাকা লাভ দেখাতে পারলেও পরের দুই বছরে আবার লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয় রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।
বিমানমন্ত্রী জিএম কাদের গত ১ জুন জাতীয় সংসদকে জানান, ২০০৯-১০ অর্থবছরে বিমান ৮০ কোটি ১৪ লাখ টাকা লোকসান করেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২০২০ ঘ.
bdnews24