ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জাঞ্জাইল বাজার থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের দুই পাশের 'শতবর্ষী' গাছ কাটায় নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। একইসঙ্গে ওই গাছ কাটতে জেলা প্রশাসনের নেওয়া পদক্ষেপ কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ স্বতপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
ইংরেজি দৈনিক ডেইলি স্টারে গত ১৫ অক্টোবর প্রকাশিত 'ওল্ড ট্রিজ, অ্যান অ্যাসেট' শিরোনামের সম্পাদকীয় এবং ১৪ অক্টোবর প্রকাশিত 'বিরিশিরি ট্রি ফলিং গোজ অন' শিরোনামের সংবাদের ভিত্তিতে আদালত এই স্বতপ্রণোদিত রুল দেয়।
পাশাপাশি সড়কের কিছু গাছ নিয়ে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের দায়ের করা একটি রিট আবেদন 'উপস্থাপিত হয়নি মর্মে খারিজ' হয় রোববার।
গত ১০ অক্টোবর কনভেনশনের সাধারণ সম্পাদক রেভারেন্ড লিটন ম্রংয়ের দায়ের করা ওই রিটে পরদিন আদালত ১০ দিন স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।
লিটন ম্রং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা পরিষদ গত ২৭ জুলাই সড়ক সম্প্রসারণের জন্য আরো অনেক গাছের সঙ্গে গারো সম্প্রদায়ের প্রায় দেড়শ বছর আগে রোপণ করা দুশ ৪৯টি গাছ কাটার জন্য দরপত্র আহ্বান করে।
"পরে সেই গাছ কাটা শুরু হলে আমরা হাইকোর্টে আসি।", বলেন তিনি।
রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট পিটিশনকারীরা জেলা প্রশাসনের কাছে করা আবেদনে ওই গাছ ও সড়ক সংলগ্ন জমিতে নিজেদের মালিকানা দাবি করেছিলেন।"
মালিকানা দাবি করলে রিট আবেদন করা যায় না- আদালত এ কথা উল্লেখ করার পর তারা আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৪১ ঘ.
bdnews24