ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জিয়াউর রহমান আমলের মন্ত্রী জামিনে থাকা আব্দুল আলীমকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। তবে অশীতিপর আলীমকে জিজ্ঞাসাবাদ করতে হবে তার বনানীর বাড়িতে।
সেফহোমে জিজ্ঞাসাবাদ করার আবেদনে আলীমের উপস্থিতিতেই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আদালত তদন্ত সংস্থাকে এ অনুমতি দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। আলীমের পক্ষে ছিলেন ব্যরিস্টার মুন্সী আহসান কবির।
শুনানিতে আহসান কবির বলেন, "আলীমের স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ। প্রতি ২৫-৩০ মিনিট পর পর তাকে টয়লেটে যেতে হয়। তার পা প্রায় অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো দাঁড়াতে পারেন না। তাই তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ না করে বনানীর যে বাসায় তিনি থাকেন, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হোক।"
বনানীর ওই বাসাটি আব্দুল আলীমের ছেলে ফয়সাল আলীমের।
ট্রাইবুনালের অনুমতি না নিয়ে তদন্ত সংস্থা এরই মধ্যে বনানীর বাড়িতে গিয়ে আলীমকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান তিনি।
হায়দার আলী বলেন, "তদন্ত সংস্থা তাকে বাসায় জিজ্ঞাসাবাদ করার পর সেফ হোমে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে। বাসায় কথা বলা আর সেফ হোমে নিয়ে কথা বলার মধ্যে পরিবেশগত পার্থক্য রয়েছে।"
জিজ্ঞাসাবাদের সময় তদন্ত কর্মকর্তাদের সব ধরনের সহায়তা করতে আলীমের পরিবারের সদস্যদের নির্দেশ দিয়েছে।
জিজ্ঞাসাবাদের সময় আলীমের এক জন আইনজীবী এবং এক জন চিকিৎসক রাখতেও বলা হয়েছে। তবে চিকিৎসকের খরচ বহন করতে হবে আলীমকেই।
জিজ্ঞাসাবাদের তারিখ ৪৮ ঘণ্টা আগেই আলীমের পরিবারকে জানাতে বলা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। মাঝে থাকবে এক ঘণ্টা বিরতি।
একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের জামিনের মেয়াদ গত ১৬ অক্টোবর শেষ হয়।
এরপর ১৯ অক্টোবর দেওয়া এক আদেশে ট্রাইব্যুনাল আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। ওই দিনই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত সংস্থাকে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ তাকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেওয়া হয়।
যুদ্ধাপরাধে গ্রেপ্তার নেতাদের মধ্যে আলীমই প্রথম জামিন পান। গ্রেপ্তার অন্যরা হলেন- বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪২১ ঘ.
bdnews24