চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্বজনা ও খননকৃত খালের মাটি অপসারণে নতুন ১২টি ডাম্প ট্রাক কিনেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
চীন থেকে কেনা ১২টি ডাম্প ট্রাকের মোট মূল্য দুকোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে ছয়টি পাঁচ টনের ও বাকি ছয়টি তিন টনের গাড়ি। পাঁচ টনের প্রতিটি গাড়ির দাম ২৪ লাখ ১৫ হাজার টাকা এবং তিন টনের প্রতিটি ট্রাকের মূল্য ১৪ লাখ ৯৫ হাজার টাকা।
নতুন ১২টিসহ বর্তমানে সিসিসি'র ডাম্প ট্রাকের সংখ্যা দাঁড়াল ৮৫টি।
শনিবার দুপুরে নগরীর দামপাড়া এলাকায় সিসিসি'র যান্ত্রিক বিভাগের কার্যালয়ে সিটি মেয়র মনজুর আলম এসব ডাম্প ট্রাক উদ্বোধন করেন।
এ সময় মেয়র বলেন, "সিসিসি'র বহরে এসব ডাম্প ট্রাক যুক্ত হওয়ায় খালের খননকৃত মাটি ও ময়লা-আর্বজনা দ্রুত অপসারণ সম্ভব হবে।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিসি সচিব সামসুদ্দোহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৮৫৫ ঘ.
bdnews24