চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বাঁক পুনরুদ্ধার ও নদী খননসহ পাঁচ দফা সুপারিশ করেছে সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে 'মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর'-এর সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব সুপারিশ তুলে ধরা হয়।
আইডব্লিউএমের উপকূলীয় বিভাগীয় প্রধান জহিরুল হক খান কর্মশালায় বলেন, হালদার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধারে একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং বিভিন্ন স্থানে মনিটরিং স্টেশন করা প্রয়োজন।
কর্মশালা শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে হালদা নদীর মৎস প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
আইডব্লিউএমের সুপারিশগুলো হলো- হালদা নদীর গরদুয়ারাসহ অন্যান্য বাঁক পুনরুদ্ধার, নদীর পেশকারহাট থেকে নাজিরহাট পর্যন্ত উজানে খনন, হালদার সঙ্গে সংশ্লিষ্ট ১১টি গুরুত্বপূর্ণ খাল খনন, নদীর ১২টি স্লুইচ গেইটে 'ফিশ ফ্রেন্ডলি স্ট্রাকচার' তৈরি এবং চানখালি খালের ১০ কিলোমিটার এলাকা খনন।
সামুদ্রিক মৎস্য পরিদপ্তরের পরিচালক নাছির উদ্দিনের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল কিবরিয়া।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মোহাম্মদ আলী আজাদী কর্মশালায় বলেন, দেশের অন্যান্য নদীতে মাছের পোনা পাওয়া গেলেও হালদা ছাড়া কোথাও মাছের ডিম পাওয়া যায় না।
প্রাকৃতিক এ মৎস্য প্রজনন ক্ষেত্রটি রক্ষার দাবি জানিয়ে তিনি বলেন, হালদায় যে পারিমাণ মাছ থাকার কথা- এখন তা নেই। তাই মাছ ধরা বন্ধ রাখতে হবে।
অন্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতি দেব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান জাকির হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামসুজ্জামান কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/জেকে/২২৫২ ঘ.
bdnews24