২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় 'ভুয়া' সার্জন গ্রেপ্তার

ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চিকিৎসক হিসেবে ক্লিনিকে কাজ করার অভিযোগে বরগুনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

বরগুনা, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চিকিৎসক হিসেবে ক্লিনিকে কাজ করার অভিযোগে বরগুনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা শহর থেকে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর হোসেন নামের কথিত ওই ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর হোসেনের বাড়ি নাটোর জেলায় বলে তিনি পুলিশকে জানিয়েছেন। শহরের আল-মানার ইসলামী হাসপাতালে তিনি সার্জন হিসেবে কর্মরত ছিলেন। এদিকে আল-মানার ইসলামী হাসপাতালেরও রেজিস্ট্রেশন নেই বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে। হাসপাতালটির পরিচালক কামাল হোসেন জানান, তারা ৩৫ জন মিলে হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন। হাসপাতালে তিনজন চিকিৎসক, দুইজন ডিপ্লোমা নার্স, তিনজন ডিপ্লোমাবিহীন নার্স ও নয়জন কর্মচারী আছেন। তিনি বলেন, তিন চিকিৎসকের মধ্যে ডা. রোকসানার সনদ রয়েছে। ডা. জাহাঙ্গীর হোসেন নিজেকে এমবিবিএস দাবি করলেও তার ফটোস্ট্যাট করা সনদ নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া অপরজন সনদই জমা না দেওয়ায় ধারণা করা হচ্ছে তিনি চিকিৎসক নন। কামাল হোসেন আরো জানান, তারা রেজিস্ট্রেশনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কিন্তু এখনো সনদ পাননি। এছাড়া সিভিল সার্জন অফিসেরও অনুমোদন পাননি বলে জানান। বরগুনার সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম জানান, নিয়মানুযায়ী কাগজপত্র জমা দিতে না পারায় হাসপাতালের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি। তারা অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে বলে সিভিল সার্জন জানান। বরগুনা সদর থানার ওসি জাকির হোসেন ফকির জানান, গেন্দু মিয়া নামের এক রিকশাচালকের অভিযোগে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর হোসেনের ফটোস্ট্যাট করা চিকিৎস সনদ দেখে সত্যিকারের পাশ করা চিকিৎসক কিনা বোঝার কোনো উপায় নেই। প্রাথমিকভাবে তাকে ভুয়া সার্জন বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। সদর উপজেলার খাজুরতলা গ্রামের আলতাফ হোসেন জানান, তার স্ত্রী সকিনা বেগমকে গত ১৪ অক্টোবর আল-মানার ইসলামী হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মাইঠা গ্রামের শাহ আলম জানান, আড়াই মাস আগে এই হাসপাতালে তার মেয়ের টিউমার অপারেশন করা হয়। তখন সে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। টিউমারের সঙ্গে গর্ভের সন্তনও ফেলে দেওয়া হয়। মনসাতলী গ্রামের রিকশাচালক গেন্দু মিয়া জানান, তার স্ত্রী চম্পা বেগমকে পেট ব্যাথার কারণে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অপারেশনের সময় তার মূত্রনালী কেটে ফেলা হয়। আল-মানার ইসলামী হাসপাতালের নার্স শাহিদা সুলতানা জানান, এ পর্যন্ত তারা ১৫ জনের সিজার অপারেশন করেছেন। এরমধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.