রাঙামাটি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মো. আমজাদ হোসেন (৫৫) বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্দার পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ৮/১০টি বন্য হাতির পাল সর্দার পাড়া এলাকায় ঢুকে পাকা ধানের ব্যাপক ক্ষতি করতে থাকে। এ সময় লোকজন ঢাকঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতির পালকে তাড়া করে। এক পর্যায়ে হাতির পায়ে পিষ্ট হয়ে আমজাদ মারা যান।
আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক ওয়াহিদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১২৩৪ ঘ.
bdnews24