২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনটেইনারে সিঙ্গাপুরে যাওয়া দ্বীন ইসলাম ফিরেছেন

কনটেইনারে আটকে 'দুর্ঘটনাক্রমে' সিঙ্গাপুরে চলে যাওয়ার ছয় মাস পর দেশে ফিরেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক দ্বীন ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনটেইনারে আটকে 'দুর্ঘটনাক্রমে' সিঙ্গাপুরে চলে যাওয়ার ছয় মাস পর দেশে ফিরেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক দ্বীন ইসলাম। বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি। দ্বীন ইসলামের বড় ভাই মোহাম্মদ বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতেই তাকে চট্টগ্রামে বাসায় নিয়ে আসা হবে।" মাদক সেবনের জন্য আল আমীন নামের আরেক শ্রমিকের সঙ্গে চট্টগ্রাম বন্দরে রাখা একটি খালি কনটেইনারে ঢুকেছিলেন দ্বীন ইসলাম। গত ১ এপ্রিল তাদের নিয়েই হানসা কালেডো নামে একটি জাহাজ সিঙ্গাপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। জাহাজটি সিঙ্গাপুর বন্দরে পৌঁছায় পাঁচদিন পর। কনটেইনারটি আরও পাঁচদিন ওই বন্দরে পড়ে থাকার পর বন্দরের পাসিং পানজার টার্মিনালের কর্মীরা আল আমীনের লাশ এবং দ্বীন ইসলামকে জীবিত অবস্থায় (৩০) উদ্ধার করে। পরে সিঙ্গাপুরের স্থানীয় বাংলা পত্রিকা 'বংলার কণ্ঠ'র সম্পাদক এ কে এম মোহসিন এবং কিছু প্রবাসী বাঙ্গালি দ্বীন ইসলামকে নিজেদের হেফাজতে নেন। আর আল আমীনকে সিঙ্গাপুরেই দাফন করা হয়। এ কে এম মোহসিন সিঙ্গাপুর থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্বীন ইসলামকে সুস্থ করে সিঙ্গাপুর প্রবাসী বাঙালিদের সহায়তায় দেশে পাঠানো হয়েছে।" দ্বীন ইসলাম আগে মাদক নিলেও সিঙ্গাপুরে থাকার দিনগুলোতে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দাবি করে মোহসিন বলেন, "সে চট্টগ্রামে গিয়ে আর মাদক নেবে না বলে অঙ্গীকার করেছে। স্ত্রী-সন্তান নিয়ে দেশে সুস্থ জীবন যাপন করবে বলে কথা দিয়েছে আমাদের।" দেশে ফেরার সময় প্রবাসী বাঙ্গালিরা ৫৫ হাজার টাকা তুলে তাকে (দ্বীন) দিয়েছেন বলেও মোহসিন জানান। খালি কনটেইনারে করে বিদেশ যাওয়ার ওই ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সে সময় একটি তদন্ত কমিটি করে। কমিটি তাদের প্রতিবেদনে জানায় আল আমীন ও দীন ইসলাম বন্দর কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের অধীন বেসরকারি অপারেটরদের তালিকাভুক্ত শ্রমিক ছিল না। তারা বন্দরে মাঝে মাঝে কাজ করতো। এছাড়া বন্দরের নিরাপত্তা জোরদারেরও সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে। আল আমীন নগরীর মাদারবাড়িতে এসআর রেল বস্তিতে এবং দীন ইসলাম পাহাড়তলীর বিশ্বকলোনিতে থাকতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮৪১ ঘ.