ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় তিতাস গ্যাসের প্রধান সরবরাহ লাইনে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় দমকলকর্মীরা।
বুধবার রাতে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের চক্রবর্তী ব্রিজের পশ্চিম পাশে নির্মাণাধীন সেতুর পিলারের গর্ত করার সময় পাইপ ফেটে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে সেতুর পিলারের গর্ত করার সময় সরবরাহ লাইন ফেটে যায়। বিদ্যুৎ না থাকায় তখন নির্মাণ শ্রমিকরা মশাল জ্বালিয়ে কাজ করছিলো। ফলে মুহূর্তের মধ্যে মশালের আগুন পাইপে ছড়িয়ে পড়ে।
রাত থেকে সকালে পর্যন্ত কাজ করে ফেটে যাওয়া পাইপের উপর বালুর বস্তা ফেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে লাইনের মেরামত কাজ এখনো চলছে।
এদিকে আগুনের কারণে নবীনগর-কালিয়াকৈর সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
তিতাস গ্যাস ট্রাসমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নওশাদ ইসলাম বলেন, "সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাইপটি মেরামতের কাজ চলছে। এ ঘটনায় কোন এলাকার গ্যাস সংযোগ বন্ধ নেই। বাইপাস সংযোগ দিয়ে গ্যাস লাইন চালু রাখা হয়েছে।"
সন্ধ্যা নাগাদ মেরামত কাজ শেষ হবে বলেও জানান তিনি।
তবে পোশাক কারখানাগুলোতে উৎপাদন ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন ডিইপিজেডের মহা-ব্যবস্থাপক আশরাফুল কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন," উৎপাদন অব্যাহত রয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদনের পরিমাণ কমে গেছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/আরএ/১৫২৪ ঘ.
bdnews24