শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
লালমনিরহাট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মুক্তির' আনন্দেও নানা অপ্রাপ্তি তাড়া করে ফিরছে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের বাসিন্দাদের। এখন তাদের একটাই জিজ্ঞাসা- 'পূর্ণ' মুক্তির স্বাদ পেতে আর কতো অপেক্ষা?
গত ৮ সেপ্টেম্বর দহগ্রাম-আঙ্গরপোতার প্রবেশদ্বার তিন বিঘা করিডোর সব সময়ের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে প্রায় সাড়ে পাঁচ যুগের বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছেন এ জনপদের মানুষজন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার করিডোর পরিদর্শন এবং তাকে কাছ থেকে দেখা যেন তাদের সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে।
তবে এই মহা আনন্দের দিনটিতেও নিজেদের অসহায়ত্বের কথা বলতে ভুলে যাননি।
লাঠিতে ভর দেওয়া ছাড়া হাটতে পারেন না ষাটোর্ধ্ব রহিমা বেগম। দহগ্রাম স্কুল মাঠে হাজারো মানুষের সঙ্গে এই চামড়া কুচকে যাওয়া বৃদ্ধকে খুব সহজেই আলাদা করা যায়। বললেন, জন্ম থেকেই পরাধীনতার স্বাদ পেতে পেতে আজ বৃদ্ধ। সময় শেষ হয়ে এসেছে। এখন নতুন প্রজন্ম যেন মুক্তির পূর্ণ স্বাদ পায়- এটিই তার একমাত্র ইচ্ছা।
প্রধানমন্ত্রীও তাদের সেই আশ্বাস দিয়েছেন। "সব সময়, সুখ-দুঃখে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।"
রহিমা বেগমের মতো একই রকম ইচ্ছার কথা বললেন অনেকেই। সরদার পাড়া গ্রামের বাসিন্দা শুক্কুর আলী বলেন, এখনো অনেক সমস্যা রয়ে গেছে। এগুলো দূর হলেই তাদের পূর্ণ স্বাধীনতা মিলবে।
করিডোর খুলে দেওয়ায় কী সুবিধা হয়েছে- জানতে চাইলে এই ভ্যান চালক বলেন, "আগে সন্ধ্যা ৬টার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফেরার বাধ্যবাধকতা ছিলো। এখন তা উঠে যাওয়ায় বেশি সময় কাজ করতে পারি।"
তিনি জানান, আগে বাজার করতে ভারতের মেকলিগঞ্জে যেতে হতো। মাঝে মধ্যেই ভারতীয়দের মার খেয়েছেন, কয়েকবার খেটেছেন জেল। আর কোনো কিছু বিক্রির প্রয়োজন হলে হিন্দু ধর্মের অনুসারী কাউকে বলে-কয়ে পাঠিয়ে দিতেন ভারতে।
তবে ছিটমহলে বিভিন্ন ধরনের সমস্যা থাকায় অনেক হিন্দু পরিবারই স্থায়ীভাবে বসবাসের জন্য ভারতে চলে গিয়েছে বলে জানান শুক্কুর আলী।
দহগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ইউনুস আলী বলেন, তার ১৫ বিঘা জমি থাকলেও কোনো জমিরই রেজিস্ট্রি নেই। খাজনা-খারিজ না থাকায় জমি বিক্রিও করতে পারছেন না তিনি।
তবে জরুরি সমস্যায় এখন যেকোনো সময় ছিটমহলের বাইরে যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
ইউনুস জানান, পাটগ্রামে প্রতি বৃহস্পতি ও সোমবার হাট বসে। প্রতি সপ্তায় ৩০টি করে গরু তিন বিঘা করিডোর দিয়ে বিক্রির জন্য হাটে নিতে পারেন ছিটমহলবাসী।
ঘটিয়াটারির বাসিন্দা মজিদুল ইসলাম ইউনুসের কথায় সুর মিলিয়ে বলেন, পাটগ্রামের হাটে গরু বিক্রি করতে হলে স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে সিরিয়াল নম্বর নিয়ে করিডোর পার করাতে হয়। চেয়ারম্যানের কাছ থেকে এই সিরিয়াল পেতে কয়েক মাস লাগে। ফলে জরুরি প্রয়োজনেও গরু বিক্রি করা যায় না।
সীমান্তে বিএসএফ হাই ভোল্টেজের বৈদ্যুতিক বাতি স্থাপন করছে জানিয়ে তিনি বলেন, রাতের বেলায় ওই বাতিগুলো জ্বালানো হলে এক মাইল এলাকাজুড়ে এর আলো পড়বে। এই আলোয় পোকা-মাকড় ফসলের ব্যাপক ক্ষতি করবে।
ছিটমহলে এলাকায় বিদ্যুৎ সংযোগ, একটি ভালো কলেজ, তিস্তা নদীতে বাঁধ নির্মাণ এবং নব-নির্মিত স্বাস্থ্যকপ্লেক্সে সার্বক্ষণিক ডাক্তার থাকার নিশ্চয়তা চান মজিদুল।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ১৮ দশমিক ৬৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল। এখানে প্রায় ১৬ হাজার লোকের বসবাস। এ দুটি ছিটমহলে যেতে হয় তিন বিঘার একটি সরু পথ দিয়ে, যাতে সব সময় থাকে ভারতের নিরাপত্তা রক্ষীদের পাহারা। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার পথ হিসেবে এই তিন বিঘা করিডোর ইজারা পায় বাংলাদেশ।
১৯৯২ সালের ২৬ জুন ইজারার মাধ্যমে করিডোরটি বাংলাদেশকে দেওয়া হয়। শুরুতে এ করিডোর দিয়ে এক ঘণ্টা করে যাতায়াতের সুযোগ দেওয়া হলেও ২০০১ সালের ২৭ এপ্রিল থেকে তা সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বাড়ানো হয়।
বাংলাদেশে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। নতুন করা প্রটোকলের মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় এসব ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এর মাধ্যমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১২১৯ ঘ.
bdnews24