গাজীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে গাজীপুর সদর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা।
বুধবার হোতাপাড়ার ইলাগাজা এলাকায় এলিগ্যান্ট পোশাক কারখানায় এ বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড টিআর গ্যাস সেল ও ৩৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশও আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন শিল্প পুলিশের কনস্টেবল শহিদুল ইসলাম, বরুণ চন্দ্র রায়, মো. আসাদ, মো. মিজান ও মো. রুহুল আমীন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম জানা যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট দেওয়ান লালন আহমেদ কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, এ কারখানার ৩৯টি বাস জেলার বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকের প্রতিদিন কারখানায় নিয়ে আসতো।
কিন্তু যানজটের কারণে বাস যথাসময়ে কারখানায় পৌঁছতে পারে না বলে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে বাসগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মে মাসে কিছু বাস বন্ধ করে দেওয়াও হয়। বর্তমানে ২১টি বাস চলাচল করলেও ঈদের পরে থেকে তাও বন্ধের নোটিশ দেওয়া হয়।
গাড়ির পরিবর্তে শ্রমিকদের ৫শ' টাকা করে ভাতা দেওয়া হবে বলেও জানানো হয়।
এছাড়া শ্রমিকরা ঈদের আগে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দাবি করলে কর্তৃপক্ষ তা পূরণের আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকরা লিখিত প্রতিশ্র"তি দাবি করলে কর্তৃপক্ষ তা করেনি।
এ কারণে বেলা ৩টা থেকে তারা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানার দরজা-জানালার কাচ, কারখানা চত্বরে থাকা একটি মোটরসাইকেল, দুইটি কাভার্ড ভ্যান ও দুইটি প্রাইভেট কারের কাচ ভাংচুর করে।
তারা কারখানার বাইরে থাকা শ্রমিক পরিবহনের দুইটি বাস ভাংচুর এবং একটি বাসে অগ্নিসংযোগও করে।
পুলিশ এলে শ্রমিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হয়।
কারখানার নির্বাহী পরিচালক হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বুধবারের জন্য কারখানা ছুটি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24