২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের চারদিন পর যুবক উদ্ধার

খুলনায় অপহরণের চার দিন পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

খুলনা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় অপহরণের চার দিন পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর দৌলতপুরের বার্মাশীল ঘাট থেকে পলাশ চন্দ্র সরকারকে (২৪) উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার (১৪ অক্টোবর) নগরীর টুটপাড়া বাজার থেকে তাকে অপহরণ করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মোল্লা আজাদ হোসেন জানান, শুক্রবার দুপুরে অপহরণকারীরা টুটপাড়া বাজারে চা খাইয়ে পলাশকে অজ্ঞান করে দিঘলিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে একটি বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এরপর পলাশের পরিবার খুলনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অপহরণকারীরা পলাশের স্ত্রী পূর্ণিমা রানী সরকারকে টাকাসহ বার্মাশীল ঘাটে যেতে বলে। পূর্ণিমা সেখানে গেলে অপহরণকারীরা পলাশকে নিয়ে যায়। এদিকে গোয়েন্দা পুলিশ পূর্ণিমাকে অনুসরণ করে সেখানে গেলে অপহরণকারীরা বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৪৪ ঘ.