শরীয়তপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মাকে খুন করেছে এক দুর্বৃত্ত।
বুধবার সকালে গরীরেরচর এলাকায় এ হামলায় নিহত হন কামাল সরদারের স্ত্রী মরিয়ম বিবি।
এ হত্যার অভিযোগে এলাকাবাসী রাসেল নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আজিজুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ব্যবসা সূত্রে চাঁদপুরের হাইমচর উপজেলার শাহাজদ্দিন মীরের সঙ্গে গোসাইরহাটের কামাল সরদারের পরিচয় ছিল। শাহাজদ্দিনের ছেলে রাসেল মাঝেমধ্যে কামাল সরদারের বাড়ি আসা-যাওয়া করতো। এক পর্যায়ে রাসেল কামাল সরদারের মেয়ে রিতাকে বিয়ের প্রস্তাব দেয়।
কিন্তু রিতার মা-বাবা রাসেলের প্রস্তাব নাকচ করে মেয়েকে অন্যত্র বিয়ে দেন।
এর জের ধরে বুধবার সকালে রাসেল কামাল সরদারের বাড়ি গিয়ে রিতার মা মরিয়ম বিবির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চাপাতি দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলে মরিয়ম বিবির মৃত্যু হয়।
মরিয়মের শ্বাশুড়ির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে রাসেলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে নিহতের স্বামী কামাল সরদার বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24