২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অর্থ পাচার মামলায় বাদিকে জেরা চলছে

তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বাদিকে জেরা অব্যাহত রেখেছে আসামি পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বাদিকে জেরা অব্যাহত রেখেছে আসামি পক্ষ। বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহীমকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়। এ মামলার অন্য আসামি তারেকের বন্ধু গিয়াউদ্দিন আল মামুনের কৌঁসুলি মাহবুব হোসেন ও সানাউল্লাহ মিয়া জেরা করেন। দ্বিতীয় দিনের জেরার পর বিচারক মো. মোজ্জামেল হোসেন আগামী ১০ নভেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন। আসামি পক্ষের জেরায় বাদি ইব্রাহীম বলেন, তিনি একাই মামলার বাদি, তদন্ত কর্মকর্তা এবং এই মামলার অভিযোগপত্র দিয়েছেন। বাদি জানান, আসামিরা দেশে ও সিঙ্গাপুরে অর্থ লেনদেন করেছে। এরপর আসামি পক্ষ জেরা মুলতবির আবেদন জানান। শুনানিতে গিয়াস আল মামুনকে বুধবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিদেশে অবস্থানরত তারেক ছিলেন বরাবরের মতোই অনুপস্থিত। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলছে। গত ৮ অগাস্ট এ আদালতে তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০২ সালের মুদ্রা পাচার আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন হয়। বাদি ইব্রাহীম গত মঙ্গলবার আসামিদের নাম-ঠিকানা এবং বিদেশে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সে অভিযোগের বর্ণনা দেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা হয়। গত বছরের ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে 'নির্মাণ কনস্ট্রাকশন' নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮১৪ ঘ.