শেরপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় বন মামলায় পলাতক ১২০ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
পুলিশ ও আইনজীবী জানায়, বন বিভাগের দায়ের করা ৩০টি মামলার এসব আসামি বুধবার সকালে শেরপুর বন আদালতের মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে আত্মসমর্পন করে জামিন নেন।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নালিতাবাড়ি কমিউনিটি পুলিশের সহায়তায় সকালে আসামিরা তার কার্যালয়ে এসে আত্মসমর্পণ করে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
জামিনপ্রাপ্ত আব্দুল গফুর ও মনছুর আলী জানান, বন মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর কমিউনিটি পুলিশের সহায়তায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী হরিদাস কর্মকার স্বপন জানান, আদালত সবাইকে জামিন দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৭ ঘ.
bdnews24