ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের সময়টাতে টিকিট বিক্রি ও বুকিং নিতে রাজধানীর পুরানা পল্টনে বিশেষ অফিস ও কাউন্টার খুলেছেন লঞ্চ মালিকরা।
১৪, পুরানা পল্টনের কাউন্টার থেকে দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন লঞ্চের কেবিনের আগাম টিকেট পাওয়া যাবে বলে লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে 'কুরবানির পশুপরিবহন এবং যাত্রীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ নৌ-পরিবহন ব্যবস্থা' সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ নভেম্বর ঈদুল আজহা হবে। আর পুরানা পল্টনে কাউন্টারে বুকিং নেওয়া বুধবার থেকেই শুরু হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, যাত্রীদের টিকেট কেনার দুর্ভোগ লাঘব করতে লঞ্চ মালিকরা নিজস্ব ব্যবস্থাপনায় পুরানা পল্টনে অফিস ও কাউন্টার খুলেছেন। স্থায়ী অফিস পাওয়ার আগ পর্যন্ত ওই ভবনেই এ কাউন্টারের কার্যক্রম চলবে।
লঞ্চ মালিকরা জানিয়েছেন, ঈদের সময় লঞ্চের সাধারণ যাত্রীরা (ডেক প্যাসেঞ্জার) টিকিটের প্রকৃত মূল্য থেকে ১০ শতাংশ কমিশন পাবেন। ১০০ কিলোমিটারের বেশি দূরে গন্তব্যের যাত্রীদের জন্য এ সুবিধা পাবেন।
শাজাহান খান বলেন, মালিক সমিতির পক্ষ থেকে ঈদ উপলক্ষে লঞ্চ ভাড়া না বাড়ানো এবং আগের ভাড়া নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদসহ প্রায় সব সময়ই সদরঘাটের ওপর যাত্রীদের চাপ পড়ে। এজন্য সরকার পোস্তগোলার শ্মশানঘাটে আরো একটি নৌ-টার্মিনাল স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের পরই এ টার্মিনাল স্থাপনের কার্যক্রম শুরু করা হবে।
মন্ত্রী বলেন, ঈদের সময় ফেরি পারাপারে কুরবানির পশু বহনকারী ট্রাকগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। লঞ্চ ও ফেরিগুলোকে স্বাভাবিক চলাচলের দ্বিগুণ ট্রিপ দিতে হবে। রাতের বেলা বালুবাহী ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে। নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধের জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সভা শেষে অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব বলেন, "ঈদের সময়ও সরকারের নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। তবে নৌ-মন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাধারণ যাত্রীদের থেকে ১০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বাড়লেও ঈদের আগে ভাড়া বাড়ানো হবে না। তবে ঈদের পরই বৈঠক করে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ব্যাপারে নৌ-মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সর্বশেষ ঘোষিত ভাড়া অনুযায়ী, ১০০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটারের জন্য এক টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ওপরে প্রতি কিলোমিটারে এক টাকা ভাড়া নির্ধারিত রয়েছে। তবে ন্যূনতম ভাড়া ১২ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৩ ঘ.
bdnews24