ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশের অপেক্ষায় থাকা চাঁদপুরের দৈনিক মেঘনা বার্তার প্রকাশনা বাতিলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেলের এক আবেদনে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ এন এম বশীর উল্লাহ এই রায় দেয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহজাহান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক।
গত বছরের ৩ অগাস্ট চাঁদপুর জেলা প্রশাসন পত্রিকাটি প্রকাশের অনুমতি দিয়ে পরে আবার সেই অনুমতি বাতিল করে।
এর বিরুদ্ধে আবদুল আউয়াল রুবেল রিট আবেদন করলে গত বছরের ২৭ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ 'ওই পত্রিকার প্রকাশনা বাতিল করে দেওয়া জেলা প্রশাসনের আদেশ কেন বাতিল করা হবে না,' তার কারণ জানতে চায়।
আদেশের পর আবদুল আউয়াল রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমতি পাওয়ার তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার নিয়ম রয়েছে। সে মোতাবেক আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে মাত্র এক মাসের মাথায় কর্তৃপক্ষ প্রকাশের অপেক্ষায় থাকা এই পত্রিকাটির প্রকাশনার অনুমতি বাতিল করে।"
পুলিশ যাচাই প্রতিবেদনে আপত্তি জানালে অনুমতি বাতিল করা হয় বলে জানান রুবেল।
এক্ষেত্রে কোন ধরণের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭১৩ ঘ.
bdnews24