২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মাসে পারিবারিক নির্যাতনের ৮৯২ ঘটনা

এ বছরের শুরু থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে যৌতুকসহ বিভিন্ন ধরনের পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৮৯২টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের শুরু থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে যৌতুকসহ বিভিন্ন ধরনের পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৮৯২টি। এর মধ্যে ৪৩ শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। নির্যাতিত নারীদের মধ্যে ১১ শতাংশ যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে বলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) এক গবেষণায় বলা হয়েছে। বিএনডব্লিউএলএ আয়োজিত 'পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ বাস্তবায়নে আইন প্রণেতাদের ভূমিকা' শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য দেওয়া হয়। রাজধানীর হোটেল রূপসী বাংলায় মঙ্গলবার এ মতবিনিময় সভা হয়। সমিতির সভানেত্রী ফৌজিয়া করিম ফিরোজের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নির্বাহী পরিচালক সালমা আলী। এতে সংসদ সদস্যদের মধ্যে অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী, শওকত আরা বেগম ও শাহিদা তারেখ দীপ্তি এবং বিএনপির শাম্মী আকতার। মতবিনিময় সভায় জানানো হয়, বাংলাদেশে শহরাঞ্চলের ৫৩ শতাংশ ও গ্রামাঞ্চলের ৬২ শতাংশ নারী পরিবারে স্বামী এবং শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজনদের দ্বারা শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে। নারী ও শিশুদের সুরক্ষায় পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ এতে বলা হয়, শুধু নিুবিত্ত নয়, উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষিত সমাজেও নারী ও শিশুরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে। এসব নির্যাতনের ঘটনা এখনো ব্যক্তিগত বিষয় বলে বিবেচিত হয়। আইন প্রয়োগকারী সংস্থাও এসব বিষয়কে পারিবারিক এবং ব্যক্তিগত বলে মেনে নেয়। সালমা আলী বলেন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন বাস্তবায়নে বিধিমালা চুড়ান্ত করার কাজ চলছে। যদিও বিধি ছাড়াই এ পর্যন্ত ঢাকা এবং রাজশাহীতে দু'টি মামলা দায়ের হয়েছে। আদালত থেকে নারীর সুরক্ষামূলক আদেশ পাওয়া গেছে। আইনটি বাস্তবায়নে পারিবরিক পর্যায়ে নারীদের সক্ষমতা বৃদ্ধি, পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও সিদ্ধান্ত নেওয়ার অধিকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনসাধারণকে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং পারিবারিক নির্যাতন বিরোধী আইনগুলোর বাস্তবায়ন পর্যব্ক্ষেণ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। জনসচেতনতা, অবকাঠামো এবং বাজেটের অভাবে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন বাস্তবায়নে সমস্যা হওয়ার কথা বলে সালমা আলী বলেন, এজন্য আইন প্রণেতারাও বলিষ্ঠ ভুমিকা রাখতে পারে। তারা বাজেটে বৃদ্ধিতে সরকারকে চাপ দিতে পারে। একইসঙ্গে নিজ নিজ নির্বাচনী এলাকায় নারী নির্যাতন প্রতিরোধে তদারকি কার্যক্রম চালাতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ব্যাপারে সংসদ সদস্যদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১০০০ ঘ.