ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পর্যায়ে তথ্য পাওয়া আরো সহজ করতে মোবাইল ফোন অপারেটর রবি, স্থানীয় সরকার বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ' প্রকল্পের মধ্যে একটি ত্রি-পক্ষীয় চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী রবি (আজিয়াটা) মোবাইল ফোন সংক্রান্ত সম্ভাব্য সব সেবা (ডাটা কানেকটিভিটি, ইলেকট্রনিক রিচার্জ সার্ভিস ও পিসিও কানেকটিভিটি) প্যাকেজ আকারে ৪ হাজার ৫০১ টি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টারে দেবে।
প্রথম পর্যায়ে আগামী এক বছরের মধ্যে এই কার্যক্রমের আওতায় ৮০০টি ইউনিয়ন পরিষদে সেবা দেওয়া হবে বলে সোমবার রবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ কার্যক্রম চালু হলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) থেকে রবি সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সুবিধাও পাবেন।
পর্যায়ক্রমে সব ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে রবির এ সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হাসান ও রবি'র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি'র ভাইস প্রেসিডেন্ট (মার্কেট অপারেশন) সা'দাত আদনান আহমাদ, ভাইস প্রেসিডেন্ট (ল্যিগাল ও কমপ্লায়েন্সন) মুহাম্মদ শাহেদুল আলম এবং ব্যবস্থাপক (মার্কেট অপারেশন) মো. আতাউল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১০১৬ ঘ.
bdnews24