চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামের ১১ জনকে পুড়িয়ে হত্যামামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন পিছিয়েছে।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা আগামী বছরের ২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঠিক করেছেন।
গত ১২ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের পর সোমবার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছিলো আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনগত প্রস্তুতির জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণ শুরুর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে এক দল সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে হত্যামামলা করেন।
সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিআইডি'র সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র" গত ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেন।
এরপর গত ১২ সেপ্টেম্বর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে আদালত। বাদ পড়েন এক জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/২০৩৪ ঘ.
bdnews24