২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিয়া হত্যামামলায় স্বামীর বিরুদ্ধে অভিযোগপত্র

বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার নাদিয়া (৩২) হত্যামামলায় তার স্বামীসহ তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার নাদিয়া (৩২) হত্যামামলায় তার স্বামীসহ তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এরা হলেন, নাদিয়ার স্বামী শিকদার শফিকুর রহমান ওরফে রেজাউল ওরফে রাজা (৩৮), শ্বাশুড়ি নূরজাহান বেগম (৬২), দেবর শিকদার সাইফুর রহমান ওরফে সোহেল (২৬)। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের আইনজীবী রায়হান মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমান সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।" তিনি এ মামলায় বাদির ব্যক্তিগত আইনজীবী হিসাবে কাজ করছেন। গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় একটি প্রাইভেটকার থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইনিভার্সিটির ছাত্রী নাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নাদিয়ার ছোট ভাই শরীফ আহমেদ শাহরিয়ার সিরাজী সুজন হাজারীবাগ থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, নাদিয়ার নামে তার বাবার দেওয়া সম্পত্তি স্বামী রেজাউলের নামে লিখে না দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। "রেজাউল প্রায়ই নাদিয়াকে নির্যাতন করতো। ২৪ এপ্রিল সকাল ১০টার পর বোন ও দুলাভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখঁজির পর শাহবাগ শিশু পার্কের গেটে দুলাভাই রেজাউলের প্রাইভেটকারের মধ্যে নাদিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়।" পুলিশের সাহায্যে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।" অভিযোগপত্রে নাদিয়ার অন্য দেবর আতিকুর রহমান জুয়েলকে (২৮) অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বাদির আইনজীবী বলেন, আতিকুরের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে তারা আদালতে নারাজি আবেদন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/পিডি/২০০৮ ঘ.