ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন।
পুলিশ বলছে, ছিনতাইয়ের সময় ধরা পড়লে পথচারীরা তাকে পিটিয়ে আহত করে।
আহতের নাম মো. মিজান (২৬)। সোমবার বেলা ১২টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তোপখানা রোডের 'বৈশাখী রেষ্টুরেন্টের' ব্যবস্থাপক রেজাউল করিম ওই রোডে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা থেকে এক লাখ ৪৭ হাজার টাকা তুলে পায়ে হেঁটে মতিঝিল ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।"
রেজাউলের উদ্ধৃতি দিয়ে এসআই জানান, বায়তুল মোকারম উত্তর গেট এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন যুবক তার গালা চেপে ধরে এক পকেটে রাখা এক লাখ টাকা নিয়ে যায় এবং অন্য পকেটের টাকা নেওয়ার জন্য ধস্তাধস্তি করেছিলো। এ দৃশ্য দেখে পথচারীরা এগিয়ে আসে এবং মিজান ধরে পিটুনি দেয়।
অন্য ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই ফৌজিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24