২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের আসামি রিমান্ডে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

জামিনে থাকা আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগে আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 07:10 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামিনে থাকা আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগে আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। রোববার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম তৈয়বুল হাসান উজ্জ্বল ঢাকার পুলিশ সুপারিনটেনডেন্টকে এই আদেশ দেন। অভিযুক্ত পুলিশ কমকর্তা হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দার হোসেন। মামলার নথি থেকে জানা যায়, আশুলিয়া থানায় গত ৯ জুলাই দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলায় গত ২৫ সেপ্টেম্বর সাথী আক্তার নামে এক মহিলা গ্রেপ্তার হন। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে জ্ঞিাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে। ওইদিন আদালতে রিমান্ড শুনানি না হলে আদালত সাথী আক্তারকে কারাগারে পাঠান। ২৮ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কিন্তু কারাগার থেকে তাকে রিমান্ডে নেওয়া না হলে বিষয়টি আদালতের নজরে আনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর সাথীর রিমান্ড বাতিল করা হয়। এরপর বিচারক তৈয়বুল হাসান গত ১২ অক্টোবর সাথীর জামিন মঞ্জুর করেন। এদিকে ওইদিনই এসআই সেকান্দার কারাগার থেকে সাথীকে রিমান্ডে নেন এবং রিমান্ড শেষে আদালতে হাজির করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/০১০২ ঘ.