ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যরা নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. নূরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ২৬ অক্টোবরের মধ্যে হাবিবুর রহমান নামে ওই ব্যক্তির খোঁজ নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বাগেরহাটের পুলিশ সুপার ও মোড়েলগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
হাবিবুরের পরিবারের অভিযোগ, গত ৬ জুলাই মোড়েলগঞ্জ থানার এএসআই জহিরুলের নেতৃত্বে একদল পুলিশ হাবিবুরকে বাসা থেকে মারতে মারতে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন|
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে সকালে রিট আবেদনটি দায়ের করা হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন, অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন, ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন|
মনজিল মোরসেদ জানান, উপজেলার বহরবুনিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর স্থানীয় একটি একটি করাতকলে মিস্ত্রি ছিলেন। আইনী সহায়তা চেয়ে তার মেয়ে জেসমিন বেগমের করা এক আবেদনে হিউম্যান রাইটস এ রিটটি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯৩১ ঘ.
bdnews24