২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরানো এক আসামিকে ছিনিয়ে গেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরানো এক আসামিকে ছিনিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার সকাল ৭টায় উপজেলার চিত্রকোর্টের তুলশিখালি বাজারে আফিল উদ্দিন (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা এ সময় চার পুলিশ সদস্যের কাছ থেকে একটি শটগান, একটি বন্দুক ও গুলি ছিনিয়ে নেয়। দুপুরে অস্ত্র দুটি উদ্ধার করা হলেও গুলি পাওয়া যায়নি। আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্র, হাবিলদার গিয়াসউদ্দিন, কনস্টেবল হৃদয় ও রাসেলকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত পরিমল চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক। সিরাজদিখান থানার ওসি মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে চার পুলিশকে কুপিয়ে জখম করে। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যায়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে ঘটনাস্থলের পাশের একটি জঙ্গল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে গুলি এখনো উদ্ধার করা যায়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/সিএস/এএল/১৭৫৩ ঘ.