ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা বিরোধী হিসেবে কুখ্যাত গোলাম আযমের সঙ্গে তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং মশিউর রহমানের নাম উচ্চারণ করবে বলে মন্তব্য করেছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
তিনি বলেন, "গত আট-নয় মাসের কর্মকাণ্ড এবং বিশ্বাসঘাতকতার জন্য প্রধানমন্ত্রীর এ দুই উপদেষ্টার এ পরিণতি হবে।"
রাজধানীর বিয়াম মিলনায়তনে শনিবার এক গোলটেবিল আলোচনায় 'খনিজ সম্পদ, বাপেক্স ও জনস্বার্থ' শিরোনামের এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
ওই দুই উপদেষ্টাকে 'বিশ্বাসঘাতক' অভিহিত করে তাদের প্রধানমন্ত্রীর আশপাশ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান মকসুদ।
তিনি বলেন, "এদের সরিয়ে দেশে জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। নইলে এদেশের উন্নতি সম্ভব হবে না।"
এর আগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ দাবি করে ঈদুল ফিতরের দিন (গত ১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন মকসুদ।
গত অগাস্টে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকে প্রবল সমালোচনা শুরু হয়। ওই অবস্থায় মন্ত্রীর পদত্যাগের দাবিতে ওই কর্মসূচি দেন মকসুদ।
'মন্ত্রণালয় ও বাপেক্সের ভেতরেই ভূত'
'সাপ্তাহিক' নামের একটি সাপ্তাহিক কাগজ আয়োজিত শনিবারের ওই আলোচনায় বিচারপতি গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন।
তিনি ৫০ বছরের জন্য জ্বালানি রপ্তানি বন্ধে ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেননের জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাব বাস্তবায়নে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
তেল, গ্যাস ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "এখন পর্যন্ত দেশে প্রায় ২০ ট্রিলিয়ন সিএফটি গ্যাসের মজুদ রয়েছে। এটা কোনভাবে বিদেশি কোম্পানিকে দিয়ে তোলা বা রপ্তানি করা যাবে না। দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এ গ্যাস তুলে দেশের জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে।"
বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি করে সরকার। ওই দুই ব্লকের জন্য প্রতিষ্ঠানটি নির্বাচিত হয় গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
আনু মুহাম্মদ আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সুনেত্র (সুনামগঞ্জ ও নেত্রকোনা সীমান্তে) গ্যাস ক্ষেত্রের দিকে লং মার্চ কর্মসূচি বাস্তবায়ন ও সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আহমেদ বলেন, "সুন্দলপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে বাপেক্স, অথচ এ থেকে গ্যাস উত্তোলনের জন্য রাশিয়ান প্রতিষ্ঠানকে আনার প্রস্তুতি চলছে। বাপেক্স এ কূপ খনন করলে মাত্র এক-তৃতীয়াংশ ব্যয়েই করতে পারে। কিন্তু তাদের করতে দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয় ও বাপেক্সের ভেতরেই ভূত বসে আছে।"
সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তূজার সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন পরিচালক বিডি রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফতাব আলম ও মুশাহিদা সুলতানা এবং রাজনীতিক জোনায়েদ সাকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩২০ ঘ.
bdnews24