কুষ্টিয়া, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুইটি আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়।
এ দু'জন হলেন কুষ্টিয়ার শহরতলী মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম ওরফে আসাদ (৩০) ও উদিবাড়ি এলাকার শাহিনুর ওরফে শাহীন (২৫)।
এরা অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব দাবি করছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বটতলায় তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশে সোপর্দ করার আগে তাদের র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ক্যাপ্টেন মেহেদী আরো জানান, র্যাব বাদী হয়ে মিরপুর থানায় এই দু'জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24