চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দরপত্র আগামী এক মাসের মধ্যে ডাকা হবে।
চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির চতুর্থ সভা শেষে শনিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কমিটির সভাপতি শাজাহান বলেন, "চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার ভাড়া পুরোপুরি বন্দরের কাছে রাখার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হবে।"
বর্তমানে বন্দর আয়ের ২০ শতাংশ অর্থ পেয়ে থাকে।
এনসিটির পাঁচটি জেটির মধ্যে দুটিতে ২০০৮ সালের মাঝামাঝি থেকে 'সমঝোতার ভিত্তিতে' কন্টেইনার হ্যান্ডলিং করছে সাইফ পাওয়ারটেক। বাকি তিনটিতে সাধারণ কার্গো হ্যান্ডলিং করছে বার্থ অপারেটররা।
সভায় বন্দরে কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা পদ্ধতি (সিটিএমএস), কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপোসহ (আইসিডি) বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শাজাহান খান বলেন, "আগামী ডিসেম্বরে বন্দরে সিটিএমএস পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময়ের মধ্যেই পুরো বন্দর সিটিএমএসের আওতায় চলে আসবে।"
বিজিএমইএ'র কন্টেইনার সিটিএমএস'র আওতার বাইরে রেখে গত ১০ অক্টোবর থেকে সিটিএমএস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
আগামী ১৩ নভেম্বর থেকে বিজিএমইএ'র কন্টেইনারও এর আওতায় আসার কথা।
বিকালে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে সভায় সাংসদ মঈনুদ্দিন খান বাদল, সাংসদ শামসুল হক চৌধুরী, বন্দর চেয়ারম্যান কমডোর এম. আনোয়ারুল ইসলামসহ বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বার, বার্থ অপারেটর্স এসোসিয়েশনসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ৫ জুলাই বন্দর উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১২ ঘ.
bdnews24