মুন্সীগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের তিন উপজেলা থেকে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শ্রীনগর, সদর উপজেলা ও লৌহজং উপজেলা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকূলের কাছে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের (২২) লাশ উদ্ধার হয়। তার পরনে রয়েছে গেঞ্জি।
প্রায় একই সময় সদর উপজেলার মিরকাদিম কাঠপট্টির কাছে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক তরুণীর (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
এছাড়া অপর এক যুবকের লাশ উদ্ধার করা হয় লৌহজং উপজেলার খলগাঁও গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায়। পুলিশ সুপার শফিকুল জানান, ধারণা করা হচ্ছে এই যুবক দিনমজুরের কাজে অন্য জেলা থেকে এখানে এসেছিলো।
পুলিশ সুপার জানান, ভাসমান লাশ দুটি দেখে ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬০৪ ঘ.
bdnews24