ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে শিরোচ্ছেদের সময় কতটা অসহায় ছিলেন বাংলাদেশিরা, তা ফুটিয়ে তুলে এ বর্বরতার প্রতিবাদ জানিয়েছে এক দল তরুণ ।
শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হাত-পা-চোখ বেঁধে এক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদের এ ধরনের ভাষা তৈরির উদ্যোক্তা ছিলো 'ম্যাজিক মুভমেন্ট' নামে একটি সংগঠন।
এক মিসরীয়কে হত্যার দায়ে গত শুক্রবার রিয়াদে আট বাংলাদেশির শিরোচ্ছেদ করা হয়। মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করে আসছে।
ম্যাজিক মুভমেন্টের অন্যতম উদ্যোক্তা সিমু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ঘৃণ্য, অমানবিক বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি আমরা।"
ম্যাজিক মুভমেন্টের আট সদস্য তাদের শরীরে রশিতে বেঁধে মাথা নিচু করে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, যেভাবে ঘটেছিলো রিয়াদের ঘটনা।
"হাত-পা চোখ বাঁধা অবস্থায় কতই না অসহায় ছিলো তারা। এ বিষয়টি সবাইকে বোঝাতে এ কর্মসূচি," বলেন সিমু নাসের।
ম্যাজিক মুভমেন্ট সদস্য হিসেবে রয়েছে ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24