২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ইলিশ ছিনিয়ে নিলেন আ. লীগ নেতা

চাঁদপুরের হাইমচর উপজেলায় ইউএনও ও মৎস্য কর্মকর্তাকে লাঞ্ছিত করে মেঘনায় অভিযানে আটক মাছ ও জাল আওয়ামী লীগের এক নেতা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

চাঁদপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলায় ইউএনও ও মৎস্য কর্মকর্তাকে লাঞ্ছিত করে মেঘনায় অভিযানে আটক মাছ ও জাল আওয়ামী লীগের এক নেতা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ খান থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন তিনি। ফিরোজ আহমেদ সাংবাদিকদের বলেন, শনিবার রাত ২টা থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫০ কেজি ইলিশ মাছ ও বেশ কিছু পরিমাণ জাল আটক করা হয়। সকাল ৯টায় অভিযান শেষে তেলিরমোড় এলাকায় মেঘনা নদীতে নৌকা ভিড়ানো হয়। ওই সময় উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন পাটওয়ারীর উপস্থিতিতে তার লোকজন জাল ও মাছ লুট করে বলে অভিযোগ করেন ফিরোজ। তিনি বলেন, "তাদের বাধা দিতে গেলে ইউএনও মাসুদ হোসেনও লাঞ্ছিত হন। তাদের এই কর্মকাণ্ড আমি মোবাইলে ধারণ করতে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে মেমরি কার্ড রেখে মোবাইল সেটটি ফেরত দেওয়া হয়।" ইউএনও মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, "আমরা ঘাটে ভেড়ার সময় আওয়ামী লীগ নেতা হুমায়ুন জাল ও মাছ ছেড়ে দিতে অনুরোধ জানায়। কিন্তু আমরা এতে অপারগতা জানাই। এরপরই হুমায়ুনের ইশারায় তার লোকজন আমাদের লাঞ্ছিত করে মাছ ও জাল ছিনিয়ে নেয়।" হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর পুলিশ বিষয়টি তদন্ত করবে। তবে মাছ ও জাল ছিনতাইয়ের অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ নেতা হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমি হাঁটতে হাঁটতে বাজারে (ঘটনাস্থল) গিয়েছিলাম। জেলেরা জাল ও মাছ লুটের সঙ্গে জড়িত।" ইলিশের প্রজনন মৌসুম বলে গত ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এ নির্দেশ বাস্তবায়নে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নদীতে অভিযান চালাচ্ছে। শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক জানান, আটক জাল শহরের ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৭ ঘ.