ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও বিস্ফোরক রাখার দায়ে চারটি মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
এরা হলেন- সামসুল ইসলাম মোল্লা ওরফে সামসুল আলম (৪৮), মাওলানা হেদায়েত উল্লাহ (৩০), মাওলানা মুছা মিয়া (২৮), সাইফুল ইসলাম সজীব প্রকাশ সাইফুল্লাহ (২১), মো. জামাল মিয়া (২৪), মিজানুর রহমান (২১)। এদের মধ্যে সামসুল ইসলাম ও হেদায়েত উল্লাহকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাওলানা মুছা মিয়া পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবু সুফিয়ান এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর বাস টার্মিনাল সুপার মার্কেটের একটি দোকানে বোমা বিষ্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ওই ঘটনার মামলায় হেদায়েতের ১০ বছর, সামসুল ইসলাম মোল্লা ও সাইফুল ইসলামের ৭ বছর এবং জামাল উদ্দিনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই বছর ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের আব্দুল মতিনের ধান ক্ষেত থেকে ১২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, একটি দেশি বন্দুক এবং একটি এলজি উদ্ধারের ঘটনায় সামসুল ও হেদায়েতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
একই দিন ধান ক্ষেত থেকে ৯টি বোমা উদ্ধারের মামলায় সামসুল, হেদায়েত ও সাইফুল ইসলাম সজীবের ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং মুছা মিয়াকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া ২০০৮ সালের ২৫ এপ্রিল বগইর গ্রামের মতি মিয়ার বাড়ি থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব। ওই ঘটনায় মতি মিয়ার ছেলে মিজানুর রহমানর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০২২৮ ঘ.
bdnews24