২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিক্ষক হত্যার প্রতিবাদে সমাবেশ

উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে বরিশালের আগৈলঝড়া উপজেলায় স্কুল শিক্ষকের মৃত্যুর প্রতিবাদে দেড়শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

বরিশাল, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে বরিশালের আগৈলঝড়া উপজেলায় স্কুল শিক্ষকের মৃত্যুর প্রতিবাদে দেড়শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও সমাবেশ করেছে। ঘটনার প্রতিবাদে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমীন জাহানকে (২৪) ছুরিকাঘাত করে হত্যা করে গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন গোমস্তা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। পরে এক সমাবেশে সাত দিনের কর্মসূচির ঘোষণা করা হয়। এদিকে বুধবার রাতেই গোমস্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী শারমীনকে হত্যায় ব্যবহৃত ছুরিটি বৃহস্পতিবার দুপুরে তার ঘরের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। শারমীন জাহান গৈলা বাজার এলাকার বাসিন্দা সোনালী ব্যাংক কর্মকর্তা শাজাহান সরদারের মেয়ে এবং সেনা সদস্য মো. সোহেলের স্ত্রী। তিনি চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন। আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে শারমীনকে প্রায়ই উত্ত্যক্ত করতো গোমস্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৯৩৫ ঘ.