চুয়াডাঙ্গা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় এক কলেজে বহিরাগতদের হামলায় দুই শিক্ষকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের নিগার সিদ্দিকী কলেজে বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন কলেজে গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
আহত শিক্ষক রইচ উদ্দিন ও হুমায়ন কবীর এবং শিক্ষার্থী শাওন, নিজামুল, নুর ইসলামসহ অন্যরা আলমডাঙ্গার হারদি স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
কলেজ ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি ইয়াসিন আলী সাংবাদিকদের বলেন, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে রাজা, শাখাওয়াত, মনির, সোহাগ ও নিগার সিদ্দিকী কলেজের ছাত্র সুজনসহ ৭/৮ জন যুবক ক্যাম্পাসে ঢুকে নিজামুলকে খুঁজতে থাকে। এ সময় নিজামুল ক্লাসে ছিলো।
"বহিরাগতদের দেখে শিক্ষক ও ছাত্ররা ক্লাস রুমের দরজা বন্ধ করে দেয়। হামলাকারীরা দরজা ভেঙে নিজামুলকে মারতে থাকে। এ সময় শিক্ষক ও ছাত্ররা ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা," বলেন তিনি।
ইয়াসিন জানান, পরে কলেজের ছাত্ররা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, এরপর ছাত্ররা বিক্ষোভ শুরু করলে বেলা ১টার দিকে আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার কলেজে আসেন। তিনি দোষীদের শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা শান্ত হয়।
এ ঘটনায় ইয়াসিন আলী বাদি হয়ে আলমডাঙ্গা থানায় ছয় জনকে আসামি করে মামলা করেছেন বলে থানার উপপরিদর্শক শরিফ উদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24