ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেল-লাইন উন্নয়ন প্রকল্পের আওতায় ১১টি মিটারগেজ লোকোমোটিভ কিনছে বাংলাদেশ রেলওয়ে।
জাপানের মারুবিনি করপোরেশনের কাছ থেকে চারশ' ৩৯ কোটি টাকা ব্যয়ে এগুলো কেনা হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে মারুবিনি করপোরেশনের এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক মো. খলিলুর রহমান এবং মারুবিনি করপোরেশনের পক্ষে নাওহিরু ইওশিদা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকার রেলসেবার মান উন্নয়ন এবং রেলওয়ের দক্ষতা উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে লোকোমোটিভ ক্রয় এরই ধারাবাহিক প্রয়াস।
রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের সচিব ফজলে কবির, জাইকার বাংলাদেশ মিশনের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মাউমি এনদোহ এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী ২৪ মাসের মধ্যে লোকোমোটিভগুলো বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করা হবে।
বর্তমানে রেলওয়ের ২৯৫টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ২১৭টি মিটারগেজ এবং ৭৮টি ব্রডগেজে চলাচলের উপযোাগী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৬৫৫ ঘ.
bdnews24