নাটোর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উত্ত্যক্তকারীর হামলায় নিহত নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ এক বছরেও শুরু হয়নি।
বুধবার রাজশাহী দ্রুত বিচার আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল।
সকালে অভিযুক্ত দুই আসামিকে আদালতে হাজির করলে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়।
বিচারক আবেদন নাকচ করে আগামী ২ ও ৩ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।
ছাত্রীদের উত্তক্তের প্রতিবাদ করায় গত বছরের ১২ অক্টোবর বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রশিদ দুর্বৃত্তদের হামলার শিকার হন।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২৫ অক্টোবর তার মৃত্যু হয়।
মামলার নথি থেকে জানা যায়, নিজ কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় লোকমানপুর কলেজের রসায়নের শিক্ষক মিজানুর রশিদ দুর্বৃত্তদের হামলার শিকার হন।
দুই যুবক তাকে মোটরসাইকেল চাপা দিয়ে এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২৫ অক্টোবর তার মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসা চলাকালে ১৫ অক্টোবর তার ভাই মামুনুর রশিদ বাদী হয়ে স্থানীয় আব্দুল আওয়াল রাজন ও মামুনুর রশিদ আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ওই বছরের ১৪ ডিসেম্বর ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ বছরের ২৫ জুলাই নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরপর বিচারের জন্য মামলাটি রাজশাহী দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০০৫৭ ঘ.
bdnews24