২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চ: আইনশৃঙ্খলা বাহিনীকে খালেদার অভিনন্দন

বিএনপির সিলেট অভিমুখী রোড মার্চ কর্মসূচির সময় দায়িত্বরত প্রশাসনিক ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 06:59 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিলেট অভিমুখী রোড মার্চ কর্মসূচির সময় দায়িত্বরত প্রশাসনিক ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, "সরকারের বৈরী আচরণ সত্ত্বেও প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর যে সব সদস্য শান্তি বজায় রাখার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।" রোড মার্চ কর্মসূচি সফল হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, "রোড মার্চের কর্মসূচিতে জনজাগরণ প্রমাণ করছে, বর্তমান ব্যর্থ শাসকের প্রতি জনগনের বিন্দুমাত্র সমর্থন নেই। তাদের পায়ের তলার মাটি সরে গেছে।" কর্মসূচি সফল করার জন্য ওই অঞ্চলের জনসাধারণকে অভিনন্দন জানান খালেদা। তবে কর্মসূচির সময় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘিœত হওয়ার বিষয়টি অনুধাবন করে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বুধবার খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে রোডমার্চ সফল করায় দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, চার দলীয় জোটের অন্যান্য শরিক দল এবং সমমনা দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেত্রী। সোমবার ঢাকা থেকে সিলেট অভিমুখে রোড মার্চ করে বিএনপি। পরের দিন সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/০০৫২ ঘ.