ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর নির্যাতনে কেবল চোখই হারাতে হয়নি, জীবনটাও বদলে গেছে ঢাকা বিশ্ববিদালয়ের শিক্ষক রুমানার। কানাডার ভ্যানকুভারে পাঁচ বছরের মেয়ে আনুশেহকে নিয়ে নতুন করে বাঁচতে শিখছেন তিনি।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় (ইউএসবি) অধ্যয়নরত রুমানা মঙ্গলবার নিজের এখনকার জীবনের বিবরণ দিতে গিয়ে ভ্যানকুভার সানকে বলেন, "আমি ভালো নেই। মাঝে মাঝে আমার মনে হয়, কেউ যেন আমার ভেতর থেকে আমাকেই বিচ্ছিন্ন করে ফেলেছে। আমি যেন অন্য কারো জীবন যাপন করছি।"
আগে প্রতিরাতে মেয়ে আনুশেহকে বুকে জড়িয়ে গল্প শোনাতেন রুমানা মঞ্জুর। মেয়ের কাছে তিনিই ছিলেন সব। কিন্তু গত ৫ জুনের পর সবই বদলে যায়।
ওইদিন রাজধানীর ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। ওই হামলায় নাকে ক্ষত হওয়ার পাশাপাশি দৃষ্টি শক্তি হারান তিনি।
চিকিৎসকরা বলছেন, তার চোখের যে ক্ষতি হয়েছে তা ভালো করার কোনো পথ নেই।
ভ্যানকুভার সানকে রুমানা বলেন, "আমি আসার দুই সপ্তাহ পর আমার মায়ের সঙ্গে আনুশেহ কানাডায় আসে। ও ভেবেছিল আমি হয়তো সুস্থ হয়ে গেছি। কিন্তু আমার ক্ষতচিহ্নগুলো দেখে সেই আশা ভেঙে যায় ওর।"
মেয়েকে আর আগের মতো বই পড়ে শোনাতে পারেন না রুমানা। মা হিসেবেও তার যতœ নিতে পারেন না সেভাবে। এখন তিনি আনুশেহকে স্মৃতি থেকে গল্প শোনান; শৈশবে শোনা বিভিন্ন গল্প।
"আনুশেহ নিজেই এখন পড়তে শিখছে। ওই আমাকে বই পড়ে শোনানোর চেষ্টা করে। নানাভাবে আমাকে সহযোগিতা করে।"
জীবনের ছন্দ ফিরে পেতে রীতিমতো এক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে রুমানাকে। চিকিৎসক, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া কর্তৃপক্ষ এবং বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বন্ধুসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
"আমার কষ্ট অনুধাবন করে যারা আমাকে নৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।"
রুমানা এখন মনেপ্রাণে লেখাপড়ায় ফিরতে চাইলেও এজন্য তার আরো সময় লাগবে। দৃষ্টিশক্তি হারানোয় জীবন-যাপনের স্বাভাবিক কৌশলগুলো নতুন করে রপ্ত করতে হচ্ছে তাকে। এখনো একা একা বাইরে বেরোনোর মতো অবস্থাও তার হয়নি।
স্বামীর নির্যাতন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তার কী শাস্তি হলে যথেষ্ট হবে? ওর জীবন তো বদলায়নি। আর আমি আমার দৃষ্টিশক্তি হরিয়েছি।"
পারিবারিক জীবনে যেসব নারী স্বামীর নির্যাতন সহ্য করছেন- তাদের জন্য রুমানার পরামর্শ, "আগেই চিন্তা করুন, ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা ভাবুন। আমি তা করতে পারলে আজ এই অবস্থা হতো না।"
রুমানা বলেন, বেঁচে থাকার জন্য এখন তার চাই শক্তি, এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন মনোবল। আর এই লড়াইয়ে প্রতিদিন তাকে শক্তি যুগিয়ে চলেছে মেয়ে আনুশেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএইচ/এএইচ/জেকে/০০৩৫ ঘ.
bdnews24